মাদারীপুর প্রতিনিধি
জুন ২৪, ২০২৬, ০৮:৫১ পিএম
মাদারীপুরের রাজৈর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় নাফিজ মোল্লা নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. স. ম. শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নাফিজ মোল্লা রাজৈর উপজেলার পূর্বকান্দি শাখারপাড় গ্রামের মতিয়ার মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২১ মার্চ ভোরে নবম শ্রেণির এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে নাফিজ মোল্লা ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তার ওপর ধর্ষণ চালানো হয়।
অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং প্রধান আসামি নাফিজ মোল্লাকে গ্রেপ্তার করে। পরে কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে ১৪ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফ মো. সাইফুল কবীর বলেন, মামলার বাদী এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছেন। রাষ্ট্রপক্ষও রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
এম জি