নুরুল আমিন, খুলনা
জুন ২৪, ২০২৬, ০৯:২১ পিএম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নবীন শিক্ষার্থীদের দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক সেবা সহজ করার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হল, লাইব্রেরি ও অন্যান্য প্রশাসনিক সেবা প্রাপ্তির প্রক্রিয়া এখন থেকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর ও সমন্বিত উপায়ে সম্পন্ন হবে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ তাঁর দাপ্তরিক কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমন্বিত ডিজিটাল অটোমেশন ব্যবস্থার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
নতুন এই আধুনিক ব্যবস্থার আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক নবীন শিক্ষার্থীকে একটি ইউনিক ডিজিটাল আইডি প্রদান করা হবে। এই একক আইডির মাধ্যমে শিক্ষার্থীরা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁদের প্রাতিষ্ঠানিক ই-মেইল চালুকরণ, একাডেমিক রেজিস্ট্রেশন এবং বিভিন্ন ধরনের ফি ও পেমেন্ট কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এ ছাড়া ওয়েবসাইটভিত্তিক এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে কোনো ধরনের জটিলতা ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে হলের সিট বরাদ্দ, লাইব্রেরি কার্ড গ্রহণ এবং প্রয়োজনীয় অন্যান্য প্রাতিষ্ঠানিক সেবা ও তথ্য অত্যন্ত দ্রুত ও সহজে সংগ্রহ করা যাবে। এই উদ্যোগের ফলে সেবাপ্রদান প্রক্রিয়ায় কাগজের ব্যবহার ও সময়ের অপচয় কমবে, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সার্বিক দক্ষতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, একটি আধুনিক ও স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে এবং ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নতুন অটোমেশন ব্যবস্থা শিক্ষার্থীদের সেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ এবং বিভিন্ন দপ্তর ও শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন।
জেএইচআর