সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুন ২৪, ২০২৬, ০৯:৪৪ পিএম
সরকারি আইনগত সহায়তা সেবার কার্যকারিতা বৃদ্ধি, রেফারেল ব্যবস্থা শক্তিশালীকরণ এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশগম্যতা নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় কুড়িগ্রাম জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোসাম্মৎ ইসমত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিনি নিজেই। মোসাম্মৎ ইসমত আরা বলেন, সরকারি আইনগত সহায়তা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল অংশীজনকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে।
ইউরোপীয় ইউনিয়ন, ক্রিশ্চিয়ান এইড এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায়, 'এমপাওয়ারিং ভালনারেবল ওমেন ইন কুড়িগ্রাম' প্রকল্পের আওতায় বেসরকারি সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এই সংবাদের আয়োজন করে। এতে সার্বিক সহায়তা করে কুড়িগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটি।
সংলাপের তাৎপর্য তুলে ধরে এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন বলেন, প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কন্যাশিশুর ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সরকারি আইনগত সহায়তা সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিষয়ে আরও জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। অনুষ্ঠানে তিনি “সরকারি আইনগত সহায়তা সেবা ও রেফারেল ব্যবস্থা” শীর্ষক মূল আলোচনাপত্র উপস্থাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী কার্তিক চন্দ্র সেন। তিনি সরকারি আইনগত সহায়তা তহবিল, সেবা গ্রহণের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং ইউনিয়ন পর্যায়ের রেফারেল ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। সংলাপে পাঁচগাছী ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য আসমানি বেগম এবং হলোখানা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য মোনালিসা আক্তার স্থানীয় পর্যায়ে নারী নির্যাতন ও পারিবারিক বিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির অভিজ্ঞতার গল্প তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরী, জেলা লিগ্যাল এইড অফিসার ভগবতী রানী, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.জি. মাহমুদ এবং স্পেশাল মিডিয়েটর নবাবুর রহমান ও এস এম রেজাউল বারী। এ ছাড়া আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রকল্পের উপকারভোগীরা সংলাপে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এএফএডি দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সহায়তা, সচেতনতা বৃদ্ধি, মধ্যস্থতা ও রেফারেল কার্যক্রম পরিচালনা করে আসছে। সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় পাঁচগাছী ও হলোখানা ইউনিয়নে এ পর্যন্ত ৭৮টি নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ গ্রহণ, ১৬টি মামলা জেলা লিগ্যাল এইড অফিসে রেফার এবং ১৮টি অভিযোগ স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি করা হয়েছে।
জেএইচআর