ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জুন ২৯, ২০২৬, ০৪:২৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং একই এলাকার ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকালে চারগাছ এলাকার একটি প্রতিষ্ঠান থেকে ইটবোঝাই করে ট্রাকটি আসার সময় মান্দারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত চালক ও সহকারীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেএইচআর