আমার সংবাদ ডেস্ক
জুন ২৯, ২০২৬, ০৫:১৯ পিএম
দেশের আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, দুটি কলেজের নাম পরিবর্তন করে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে নামকরণ করা হবে। এ বিষয়ে সোমবার (২৯ জুন) প্রয়োজনীয় চিঠি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চিঠিগুলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট কলেজগুলোর নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পাঠানো তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে ‘শহীদ জিয়া কলেজ’। একই সঙ্গে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে রাখা হবে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ’।
এদিকে একই প্রজ্ঞাপনের আওতায় আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হবিগঞ্জ জেলার মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের নাম পরিবর্তন করে ‘সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রী কলেজ’ রাখা হবে। এছাড়া কিশোরগঞ্জের ‘আয়েশা ছিদ্দিক মহিলা কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘আয়েশা ছিদ্দিক মডেল কলেজ’ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, নাম পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। পরবর্তী সময়ে বোর্ডের বিধি-বিধান অনুযায়ী নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট চারটি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন নামে তাদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।
এএন