খোকন মিয়া, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া)
জুলাই ১, ২০২৬, ০৪:৫৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ, চারা, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে আশুগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুবেল মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবা আক্তার এবং আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৯৪৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
কৃষকদের মাঝে উপকরণ বিতরণের বিবরণ নিচে দেওয়া হলো:
উফশী রোপা আমন: ১ হাজার ১০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
গ্রীষ্মকালীন সবজি: ৫০০ জন কৃষকের প্রত্যেককে ৭ প্রজাতির গ্রীষ্মকালীন হাইব্রিড ও উফশী সবজির বীজ (মোট ৩০০ গ্রাম), ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
ফলজ ও বনজ চারা: ২৬৪ জন কৃষকের মাঝে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির ৫টি করে চারা, ৫টি খুঁটি এবং ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়।
হাইব্রিড মরিচ: ৫০ জন কৃষককে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
লেবুর চারা: ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে লেবুর চারা এবং ৮ কেজি জৈব সার দেওয়া হয়।
জেএইচআর