নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুলাই ২, ২০২৬, ০২:৩০ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, সৃষ্টি, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নাগরপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মমিন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রামেন্দ্র সুন্দর বোস এবং সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় সুধীজন।
উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।
জেএইচআর