আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২, ২০২৬, ০৩:৩২ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে আলোচনায় আসা এক রুশ যুগলকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ভবনের অ্যান্টেনার ওপর উঠে তারা একটি ব্যানারও প্রদর্শন করেন।
যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বুধবার (১ জুলাই) কালো পোশাক পরা দুই ব্যক্তি ভবনটির প্রধান অ্যান্টেনার ওপর দাঁড়িয়ে একে অপরকে চুম্বন করছেন।
মাটি থেকে প্রায় ৪৪৩ মিটার (১ হাজার ৪৫৪ ফুট) উচ্চতায় অবস্থান করে তারা একটি ব্যানার উন্মোচন করেন। সেখানে লেখা ছিল, ভালোবাসার শক্তি যখন ক্ষমতার প্রতি মানুষের ভালোবাসাকে পরাজিত করে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়।
১০২ তলা বিশিষ্ট এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের জনসাধারণের জন্য উন্মুক্ত অংশেরও অনেক ওপরে থাকা অ্যান্টেনায় তারা কীভাবে পৌঁছেছেন, তা এখনো স্পষ্ট নয়।
পুলিশের বডি-ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা মই বেয়ে অ্যান্টেনায় উঠে ওই দুজনকে নিচে নামতে বলেন। ওঠার সময় তাকে বলতে শোনা যায়, আপনারা কী করছেন? বাতাসের শব্দের কারণে যুগলের জবাব শোনা না গেলেও পরে ওই কর্মকর্তা বলেন, ঠিক আছে, আপনারা এখানে থাকতে পারবেন না।
পরে আটক হওয়া দুই ব্যক্তি রাশিয়ার নাগরিক ভানিয়া বেয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ বলে পরিচয় নিশ্চিত করে পুলিশ। তারা ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত প্রামাণ্যচিত্রে ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’ অংশ নিয়েছিলেন। সেখানে শহরের উঁচু ভবনে ওঠার ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড ‘রুফটপিং’ এর প্রতি তাদের আগ্রহ তুলে ধরা হয়।
ঘটনার পর এক বিবৃতিতে এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাগ্দান উদ্যাপন করতে চাইলে ওই যুগল ভবনের এক হাজার ডলারের ‘হ্যাপি এভার এম্পায়ার প্রপোজাল প্যাকেজ’ ব্যবহার করতে পারতেন।
এম জি