নোয়াখালী প্রতিনিধি
জুলাই ২, ২০২৬, ০৮:১৯ পিএম
হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, নোয়াখালীর প্রবীণ সাংবাদিক, লেখক, কবি ও সাহিত্যিক এম. দিলদার উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ জুলাই) শেষ রাত পৌনে ৩টার দিকে নোয়াখালী শহরের প্রাইম হাসপাতাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদ আসর নোয়াখালী জেলা সদরের কালিতারা বাজারসংলগ্ন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুম এম. দিলদার উদ্দিন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ছৈয়দিয়া বাজার এলাকার মরহুম সামছুল হক জাহাঙ্গীর মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি হাতিয়ার ইতিহাস, সংস্কৃতি ও জনজীবন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি লেখক, গল্পকার, ঔপন্যাসিক ও সাহিত্যিক হিসেবেও পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে নোয়াখালী প্রেস ক্লাব, নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন, হাতিয়া প্রেস ক্লাব, দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সাংবাদিক ইমাম উদ্দিন আজাদ, সাংবাদিক মোহাম্মদ সোহেল বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এম জি