শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬, ০৭:২৯ পিএম
গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। এসব সড়কের উন্নয়ন সম্পন্ন হলে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রোববার সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু প্রকল্প এলাকাগুলো পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে উন্নয়নকাজের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মোট পাঁচটি সড়কের ৪ দশমিক ৪২ কিলোমিটার উন্নয়ন করা হবে। প্রকল্পগুলোর মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৯ টাকা।
উন্নয়নকাজের আওতায় থাকা সড়কগুলো হলো- মার্তা বাজার-মার্তা খাল সড়ক, প্রহলাদপুর-পোতাবাড়ী সড়ক, প্রহলাদপুর হাইস্কুল-ভিটিপাড়া সড়ক, দিঘীরচালা-চিনাশুকানিয়া সড়ক এবং ভিটিপাড়া-জয়নারায়ণপুর সড়ক।
উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গ্রামীণ সড়ক উন্নয়ন শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়ন নয়, এটি এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। উন্নত সড়ক ব্যবস্থা কৃষকদের উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করতে সহায়তা করবে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণসহ দৈনন্দিন চলাচলে স্বস্তি এনে দেবে। তিনি বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. মাহফুজুল হাসান হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলজিইডির কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা এসব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে চলাচলের দুর্ভোগ কমবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
এএন