মো. মহসিন তালুকদার, মাদারীপুর
জুলাই ৫, ২০২৬, ০৯:১০ পিএম
মাদারীপুরে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জড়িত অপর এক ব্যবসায়ীকে আটক এবং প্রতিষ্ঠানের গুদাম সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিকেলে মাদারীপুর সদর উপজেলার শকুনি এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে হাবিবুল্লাহ সদর উপজেলার শকুনি এলাকার সোহরাব চৌকিদারের ছেলে এবং শামিম হাওলাদার একই এলাকার চুন্নু হাওলাদারের ছেলে। এ দুজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠান ‘জেএস মার্কেটিং ফিডিং’-এর মালিক জুয়েলকে আটক করেছে প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শকুনি এলাকায় অবস্থিত ‘জেএস মার্কেটিং ফিডিং’ নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বাজারজাত করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সেখানে আকস্মিক অভিযান চালায় প্রশাসন। অভিযানে হাতেনাতে দুইজনকে আটক করা হয় এবং জব্দ করা হয় বিপুল পরিমাণ ক্ষতিকর ও ভেজাল পণ্য।
জব্দকৃত পণ্যের তালিকায় ছিল ভোজ্য তেল ও পোলাওয়ের চাল, চিনি, ডাল, সাবানের গুঁড়া ও ডিশওয়াশিং বারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য
জব্দকৃত সব ভেজাল পণ্য জনসম্মুখে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের মালিক জুয়েলকে আটক করে গুদামটি তাৎক্ষণিকভাবে বন্ধ (সিলগালা) করে দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী সংবাদমাধ্যমকে বলেন, “জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বাজারজাতকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
এএন