আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ৫, ২০২৬, ০৮:২৬ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠান শুধু আনুষ্ঠানিক বিদায়ের আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি; এটি বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশে প্রতীকী বার্তা দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়। রাজনৈতিক বক্তব্য বা আনুষ্ঠানিক ভাষণের পরিবর্তে অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের জন্য পবিত্র কোরআনের নির্দিষ্ট আয়াত তেলাওয়াত করা হয়, যা কূটনৈতিক ও প্রতীকী তাৎপর্য বহন করে।
এই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম অংশ নেন। তার উপস্থিতিতে বাংলাদেশের জন্য পবিত্র কোরআনের সূরা আলে-ইমরানের ১৬৯ ও ১৭০ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়।
আয়াতগুলোর অর্থ হলো- যারা আল্লাহর পথে নিহত হয়েছেন, তাদের মৃত মনে করা যাবে না; বরং তারা তাদের প্রতিপালকের কাছে জীবিত এবং রিজিকপ্রাপ্ত। আল্লাহ তাদের যে অনুগ্রহ দান করেছেন, তাতে তারা আনন্দিত এবং যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি, তাদের জন্যও তারা সুসংবাদ বহন করেন যে, তাদের কোনো ভয় বা দুশ্চিন্তা থাকবে না।
পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের জন্য এই আয়াত নির্বাচন ছিল একটি প্রতীকী বার্তা। বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের দিকটি এতে প্রতিফলিত হয়েছে বলে বিশ্লেষণ করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে ওই আন্দোলনে নিহতদের স্মৃতিকে আন্তর্জাতিক পরিসরে ধর্মীয় ও নৈতিক মর্যাদার সঙ্গে স্মরণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শোকানুষ্ঠানে কোনো রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি। তবে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশে কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত পাঠের মাধ্যমে ইরান নিজস্ব কূটনৈতিক বার্তা তুলে ধরার চেষ্টা করেছে বলে অনুষ্ঠানে উপস্থিত পর্যবেক্ষকরা মনে করছেন। বাংলাদেশের ক্ষেত্রেও নির্বাচিত আয়াতটি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের স্মৃতির সঙ্গে সম্পর্কিত একটি প্রতীকী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
এএন