রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান)
জুলাই ৮, ২০২৬, ১২:৫৩ পিএম
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচি উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলা সদরের সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের নৌযোগাযোগও বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, থানচি-বান্দরবান সড়কের বাগানপাড়া এলাকায় সেতুর ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন সড়কের নিচু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
অবিরাম বৃষ্টিতে উপজেলা সদর ও বলিপাড়া ইউনিয়নের নিম্নাঞ্চলের বহু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারি আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিঘ্ন ঘটায় উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে রাতের বেলায় বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ দিতে পারছেন না অনেকেই। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগে রয়েছেন অনেক মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করা, বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন এবং দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু রয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকা এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এম জি