ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১২:৩১ এএম

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন ও মো. বাদশা মিয়া নামে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এর মধ্যে গুরুতর আহত মো. বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার ১২টা ২৫ মিনিটে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত বাদশা মিয়া আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এই ঘটনায় আহত অপর নেতা সাদ্দাম হোসেন একই ইউনিটের সভাপতি। তিনি বর্তমানে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার (১ জুলাই) রাতে স্থানীয় একটি সালিশ বৈঠক চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাজিল ও জাপানের খেলা দেখা নিয়ে গত সোমবার (২৯ জুন) রাতে নবোদয় হাউজিং এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই ঘটনায় একপক্ষে ছিলেন বিএনপি নেতা সাদ্দাম হোসেন ও বাদশা মিয়া এবং প্রতিপক্ষে ছিলেন একই এলাকার রিপন ও পারভেজ। এই বিরোধ মীমাংসার জন্য গত বুধবার সন্ধ্যায় দুই পক্ষই নবোদয় হাউজিংয়ে একটি সালিশ বৈঠকে বসে।

তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে বিএনপি নেতা সাদ্দাম ও বাদশা সেখান থেকে চলে যাচ্ছিলেন। ওই সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁদের শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও জোনের এডিসি জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত পরশু দুই পক্ষ মারামারি করেছিল। আজ (বুধবার) তারা নিজেরাই মীমাংসার জন্য সালিশে বসে। তবে সালিশ মনমতো না হওয়ায় প্রতিপক্ষ তাঁদের কুপিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনার জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত চলছে।

জেএইচআর

Link copied!