আমার সংবাদ ডেস্ক
জুলাই ৮, ২০২৬, ০৪:১২ পিএম
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় পাঁচ রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ৩০ শিশু আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
বুধবার দুপুর প্রায় ২টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/থ্রি সাব-ব্লকে অবস্থিত একটি মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আটকে পড়া সবাই রোহিঙ্গা শিক্ষার্থী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির মধ্যে হঠাৎ মাদরাসার ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। অভিযান চলাকালে ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও আনুমানিক ৩০ শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে চলমান ভারী বৃষ্টিপাতের কারণে গত সোমবার ভোরেও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের তিনটি পৃথক স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। ওইসব ঘটনায় আটজন রোহিঙ্গার মৃত্যু হয়েছিল। টানা বর্ষণে ক্যাম্প এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগও বাড়ছে।
এএন