একেএম বজলুর রহমান, পঞ্চগড়
জুলাই ৮, ২০২৬, ০৪:৩৫ পিএম
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
২৩ জুন বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের হেলিবোর্ড বাজারসংলগ্ন এলাকায় পোস্টার টানানোর ঘটনাকে কেন্দ্র করে গত ৩ জুলাই পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ জুন বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হেলিবোর্ড বাজারসংলগ্ন শিংপাড়া স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নামফলকের মাঝখানে, পরিত্যক্ত স্কেল লোড অফিসের গেটে এবং লোহার তৈরি ত্রিভুজাকৃতির ট্রাফিক সিগন্যালের মাঝখানে তিনটি রঙিন পোস্টার আঠা দিয়ে লাগানো হয়েছে।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে পোস্টার লাগানোর সত্যতা পান। পরে পোস্টারগুলো জব্দ করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং নৌকা প্রতীক ব্যবহার করা হয়েছে। এছাড়া পোস্টারে ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী’, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। পুলিশের দাবি, এসব পোস্টার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রচার ও সমর্থনের উদ্দেশ্যে লাগানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেছে। মামলায় ২৩ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার লাগানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এজাহারে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এম জি