মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)
জুলাই ১১, ২০২৬, ০৭:৫৩ পিএম
পাবনার ভাঙ্গুড়া উপজেলার চন্ডিপুর এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে পরিচালিত অভিযানে চন্ডিপুর গ্রামের বাসিন্দা মো. মুত্তালিব হোসেনকে (৪০) মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।
তিনি চন্ডিপুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. মুত্তালিব হোসেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামের ভাতিজা।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, মাদক নির্মূলে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
জেএইচআর