টাঙ্গাইল প্রতিনিধি
জুলাই ১১, ২০২৬, ০৭:২২ পিএম
টাঙ্গাইলে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ লিগ পদ্ধতিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
উদ্বোধনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক (পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়াড় ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল স্টেডিয়ামে প্রথম লিগের উদ্বোধনী খেলায় টাঙ্গাইল সদর বনাম বাসাইল উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করছে। একই দিন অন্য মাঠগুলোতে মধুপুর বনাম ঘাটাইল, ধনবাড়ী বনাম গোপালপুর, কালিহাতী বনাম ভূঞাপুর, দেলদুয়ার বনাম নাগরপুর এবং মির্জাপুর বনাম সখীপুর উপজেলা দল মুখোমুখি হয়েছে।
একই পদ্ধতির দ্বিতীয় লেগে আগামী সোমবার (১৩ জুলাই) ঘাটাইল বনাম মধুপুর, গোপালপুর বনাম ধনবাড়ী, ভূঞাপুর বনাম কালিহাতী, টাঙ্গাইল সদর বনাম বাসাইল, নাগরপুর বনাম দেলদুয়ার এবং সখীপুর বনাম মির্জাপুর উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টের মান ধরে রাখতে প্রতিটি দলে ৫ জন করে বিদেশি ফুটবলার খেলার সুযোগ রাখা হয়েছে।
আগামী ১৯ থেকে ২৫ জুলাই সুপার সিক্স পর্ব, ২৮ ও ২৯ জুলাই সেমিফাইনাল এবং ১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ১৯৮০ সালে তৎকালীন জেলা প্রশাসক মো. রেজাউল ইসলাম প্রথম এই টুর্নামেন্ট আয়োজন করেন। সর্বশেষ ২০১৫ সালের আসরে টাঙ্গাইল ইয়ুথ ক্লাব চ্যাম্পিয়ন এবং ঢাকার বিজেএমসি রানার্সআপ হয়েছিল।
জেএইচআর