গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
জুলাই ১১, ২০২৬, ০৭:৩৪ পিএম
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় গোদাগাড়ী উপজেলা ফটকের সম্মুখে পদযাত্রা শেষে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সম্পাদক সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমীন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান (মুজাহিদ), জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ এবং রাজশাহী মহানগর সদস্য সচিব ও চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান আতিক।
প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, “মাদক ব্যবসায়ী, চোর, বাটপারদের যদি কোনো রাজনৈতিক আশ্রয় না থাকে, মামলার পর জামিন না হয়, তাহলে তারা কোনো দিন মাদক ব্যবসা করতে পারত না। যারা দিনের আলোতে মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের অন্ধকারে মাদকের লাভের টাকার ভাগ নেয়, তারা কোনো দিন আমাদের নেতা হতে পারে না। তাদের দলের সাথে আমরা কোনো দিন রাজনীতি করতে পারি না।”
স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম তুলে ধরে তিনি বলেন, “৫ আগস্টের পর স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে কে বাজেট আনবে, কে টেন্ডার নেবে, কে ইটের টাকা খাবে—নতুন করে একটি রাজনৈতিক দলের নেতারা এই কাজ শুরু করেছে। যে দলের কাছে আমাদের ছেলে-মেয়ের চেয়ে বালুর টাকা বেশি গুরুত্বপূর্ণ, সে কোনো দিন নেতা হতে পারে না। বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর জেলে রাখা হয়েছে, কিন্তু তিনি এই দেশ ছেড়ে পালিয়ে যাননি। অথচ আরেকজন ১৪ শত শিশুকে খুন করে দেশে পালিয়েছে। আমরা এই দেশকে অন্য দেশের দল দ্বারা পরিচালিত হতে দেব না।”
সিস্টেম পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমরা যদি কোনো মার্কার দাস হয়ে যাই, তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না। আমাদেরকে বস্তাপচা সিস্টেমের পরিবর্তন করতে হবে। স্কুল নষ্ট হলে শিশুদের জীবন নষ্ট হবে। হাসপাতালের খাবার থেকেও টাকা লুটপাট করা হলে রোগীদের জীবন বিপন্ন হবে। তাই নিজের লাভ না দেখে পুরো সিস্টেমটা ঠিক করা লাগবে। আমাদের লড়াইটা সিস্টেম ঠিক করার লড়াই। আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছি, কারণ আমরা মনে করি সিস্টেমটা ঠিক হওয়া দরকার। এক দল যাবে আরেক দল আসবে, কিন্তু সিস্টেম ঠিক না হলে এই দুষ্টচক্রের কারণে আমাদের জীবন শেষ হয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদে আতিকুর রহমান আতিকের নাম ঘোষণা ও সবার সাথে তাঁর পরিচয় করিয়ে দেওয়া হয়।
জেএইচআর