বরিশাল ব্যুরো
জুলাই ১২, ২০২৬, ০৫:০৪ পিএম
বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় শাকিল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাকিল জালিরচর গ্রামের শাহজাহান পন্ডিতের ছেলে। এই ঘটনায় ঘাতক সাইফুল ইসলামকে (২৩) আটক করেছে পুলিশ। সাইফুল একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, জালিরচর গ্রামের পন্ডিত বাড়ির সামনে পুরাতন কাচারী ঘরে বসে লুডু খেলছিল শাকিল ও তার বন্ধু সাইফুল। খেলার একপর্যায়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই সময় সাইফুল তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়রা হামলাকারী সাইফুলকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার জানান, নিহত শাকিল ও সাইফুল দুইজনেই বন্ধু এবং তাঁরা দুইজনেই মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিল মারা গেছেন। নিহতের মাথা এবং শরীরে গুরুতর আঘাত ও জখম ছিল।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, লুডু খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে ওসি উল্লেখ করেন।
জেএইচআর