আব্দুল মজিদ, নাটোর
জুলাই ১৪, ২০২৬, ০৬:৫৫ পিএম
সারা দেশের মতো নাটোরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কানাইখালী প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাটোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন। তারা চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানসহ ৮ দফা দাবি উত্থাপন করেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরীক্ষা স্থগিত না করায় বহু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তায় বলেও তারা দাবি করেন।
নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আশিকুর রহমান তাহালিল বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে অনেক শিক্ষার্থী জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিতে পারেনি। মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত এলাকার পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। এ বিষয়ে শিক্ষামন্ত্রীকে দায়িত্ব নিতে হবে।
একই কলেজের শিক্ষার্থী জেমিমা তাবাসসুম বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের পরিবর্তে শুধু পরীক্ষা ব্যবস্থার দিকেই গুরুত্ব দিচ্ছেন। সাম্প্রতিক বিভিন্ন ব্যর্থতার দায় স্বীকার করে তার পদত্যাগ করা উচিত।
দিঘাপতিয়া এম. কে. কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইব্রাহিম বলেন, শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বিভিন্ন মন্তব্য আমাদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া প্রশ্নপত্রে ভুলসহ নানা অনিয়মের দায়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এম জি