সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুলাই ১৪, ২০২৬, ০৬:৪২ পিএম
আগামী ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসাদুজ্জামান।
সভায় দিবসটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন।
রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন এবং এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া।
এ ছাড়া স্থানীয় গণমাধ্যম, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জুলাই যোদ্ধা ও সিনিয়র সাংবাদিক মো. ইউনুছ আলী এবং আব্দুল আজিজ নাহিদ।
বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কুড়িগ্রামের বীর শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দিবসটি উপলক্ষে শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, স্মরণসভা, বিশেষ দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়ে মতৈক্যে পৌঁছান।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের বীর শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশের চেতনাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। কুড়িগ্রামে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ যেন সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। দিবসটি সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাই।
প্রস্তুতি সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
এম জি