রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর)
জুলাই ১৬, ২০২৬, ০৮:৪৯ পিএম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামে টানা কয়েক দিনের ভারী বর্ষণে একটি গুরুত্বপূর্ণ পাকা সড়কের অংশ ধসে পড়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, পিংনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাওয়ামারা এলাকায় তারাকান্দি-ভূঞাপুর মহাসড়ক থেকে আওনা ইউনিয়ন পরিষদমুখী গুরুত্বপূর্ণ সড়কটি মরহুম বাহার উদ্দিন মাস্টারের বাড়ির পাশের পুকুরসংলগ্ন স্থানে ধসে যায়। ফলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং ওই পথে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বাহার উদ্দিন মাস্টারের বাড়ির পাশের পুকুরটির নিজস্ব পাড় না থাকায় দীর্ঘদিন ধরে সড়কটিকেই পুকুরের পাড় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। টানা বৃষ্টিতে পানির চাপ বেড়ে যাওয়ায় সড়কের বড় একটি অংশ পুকুরে ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, সড়কটি উপজেলা এলজিইডির আওতায় নির্মিত হয়েছিল। দ্রুত ভাঙন সংস্কার এবং টেকসই প্রতিরোধব্যবস্থা, বিশেষ করে একটি শক্তিশালী গাইড ওয়াল নির্মাণ করা না হলে পুরো সড়কটি বিলীন হয়ে যেতে পারে। এতে এ অঞ্চলের মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার এবং ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং জনদুর্ভোগ বহুগুণে বেড়ে যাবে।
এম জি