ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
গাজীপুরে মাওলানা আব্দুল হালিম

সংঘাত নয়, জাতীয় ঐক্য চাই

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ১৬, ২০২৬, ০৯:০৬ পিএম

সংঘাত নয়, জাতীয় ঐক্য চাই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যাশা উপলব্ধি করে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আন্তরিক হতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারের নিচে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাইয়ের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়, বরং তা বাস্তবায়নে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে নতুন সংস্কার কমিশন গঠন করা প্রয়োজন।

তিনি বলেন, “আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় করেছি। আমরা সংঘাত নয়, জাতীয় ঐক্য চাই। বর্তমান সরকারকে গঠনমূলক সহযোগিতা করতে চাই।”

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বড় বড় কথা না বলে জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। তাদের আত্মত্যাগের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে আন্তরিক হতে হবে।”

তিনি আরও বলেন, “আমরাই একজন শহীদের মাকে সংসদ সদস্য করেছি। এর বিনিময়ে আমাদের এক কাপ চাও খাওয়াতে হয়নি। এটি আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা এবং শহীদ পরিবারের প্রতি সম্মানের বহিঃপ্রকাশ।” দেশ পরিচালনায় পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর নিয়ামত উল্লাহ শাকেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায়ভিত্তিক রাষ্ট্র, সুশাসন এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত-মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর নজরুল ইসলাম, গাছা থানা জামায়াতের আমীর মোহাম্মদ নিয়াজ উদ্দিন এবং সদর মেট্রো থানা জামায়াতের আমীর ছাদেকুজ্জামান খান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের দায়িত্বশীল, আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

এম জি

Link copied!