আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৬, ২০২৬, ০৭:৩৭ পিএম
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। একই সময়ে নতুন করে ৩০৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া গত এক দিনে চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া একই সময়ে ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
এম জি