রাকিবুল হাসান, রাজশাহী
জুলাই ২৩, ২০২৬, ০২:২৫ পিএম
রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাজপাড়া থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী অভিযানে আইডি বাগানপাড়া এলাকা থেকে ৩৯ পুরিয়া গাঁজাসহ ১১ জনকে আটক করা হয়। একই সময়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযানে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় আরও দুইজনকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালত রাজপাড়া থানার অভিযানে আটক ১১ জনকে অপরাধের ধরন অনুযায়ী ১ দিন, ৩ দিন, ৫ দিন এবং সর্বোচ্চ ৭ দিনের কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়। অপরদিকে, কাশিয়াডাঙ্গা থানার অভিযানে আটক দুইজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
আরএমপি জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান, মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএন