আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৩, ২০২৬, ০২:৫২ পিএম
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে সশস্ত্র ডাকাত দলের হামলায় অন্তত ২০ জন গ্রামবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ফরাসি সংবাদ সংস্থা এএফপির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা নাসিরু লাওয়ালি জানান, দুপুর তিনটা থেকে চারটার মধ্যে বিপুল সংখ্যক সশস্ত্র ডাকাত তাদের এলাকায় প্রবেশ করে নির্বিচারে হামলা চালায়। সামনে যাকেই পেয়েছে, তার ওপরই আক্রমণ করা হয়। এতে অন্তত ২০ জন গ্রামবাসী নিহত হন।
সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে সশস্ত্র ডাকাত চক্রের তৎপরতা বেড়েছে। তারা বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে লুটপাটের পাশাপাশি মোটা অঙ্কের মুক্তিপণের আশায় মানুষকে অপহরণ করছে।
এদিকে পৃথক এক ঘটনায় কোয়ারা রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন ডাকাত সদস্য নিহত হয়। একই অভিযানে তুহকুর সানি নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে বলে দ্য পাঞ্চ জানিয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের বিদ্রোহ এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অপহরণ কর্মকাণ্ড দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ১৬ লাখ ডলারের বেশি অর্থ আদায় করেছে।
এর আগে ওয়ো রাজ্য থেকে অপহৃত শিক্ষক ও শিক্ষার্থীদের ৫৬ দিন পর উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট বোলা তিনুবু জানিয়েছেন, এ ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েকজন হামলাকারী নিহত হয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মুসা বলেন, কারাগারে আটক শীর্ষ কমান্ডারদের মুক্ত করার উদ্দেশ্যে অপহৃত ব্যক্তিদের জিম্মি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা।
সূত্র: আল জাজিরা
এম জি