স্পোর্টস ডেস্ক
জুলাই ২৮, ২০২৬, ০৯:৪৮ এএম
ব্রাজিলিয়ান লিগে (ব্রাসিলেইরাও) সান্তোসের পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার। আসরে নিজের তৃতীয় হলুদ কার্ড পাওয়ায় অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে ২২তম রাউন্ডের ম্যাচটিতে নিষিদ্ধ থাকছেন এই ব্রাজিলিয়ান তারকা।
গত শনিবার ব্রাসিলেইরাওর ২০তম রাউন্ডে শাপেকোয়েন্সের বিপক্ষে সান্তোসের ড্র করা ম্যাচটিতে এই ঘটনা ঘটে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩০তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় ব্রুনো তুবারাওয়ের ফাউলের শিকার হয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান নেইমার। এ সময় প্রতিপক্ষের দুই ফুটবলারকে ধাক্কা দিলে রেফারি ফার্নান্দো আন্তোনিও মেন্দেস তাঁকে হলুদ কার্ড দেখান। চলতি মৌসুমে এটি তাঁর তৃতীয় হলুদ কার্ড হওয়ায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি।
এই নিষেধাজ্ঞার কারণে আগামী ৯ আগস্ট ভিলা বেলমিরো স্টেডিয়ামে অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে। আন্তর্জাতিক আসর শেষে ক্লাবের হয়ে এটিই ছিল নেইমারের প্রথম ম্যাচ। ব্রাজিলের বিদায়ের পর কয়েক দিন বিশ্রামে থেকে গত ১৭ জুলাই তিনি সান্তোসের অনুশীলনে যোগ দিয়েছিলেন।
তবে ঘরোয়া লিগে নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক মহাদেশীয় টুর্নামেন্টে নেইমারের অংশ নিতে কোনো বাধা নেই। কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্লে-অফে আজ মঙ্গলবার নিজেদের মাঠে ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে আতিথ্য দেবে সান্তোস। প্রথম লেগে ৪-১ গোলের বিশাল ব্যবধানে জয় পাওয়ায় পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
জেএইচআর