আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৮, ২০২৬, ১০:৫৫ এএম
সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আইএসপিআর জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে বর্তমানে সেনা হেফাজতে রাখা হয়েছে এবং আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
আসামির তালিকায় রয়েছেন মিফতাহ উদ্দিন আহমেদ, যিনি ওই ঘটনার সময় র্যাব–৭ (চট্টগ্রাম)-এর অধিনায়কের দায়িত্বে ছিলেন। তখন কক্সবাজার এলাকাটি র্যাব-৭-এর আওতাধীন ছিল।
ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার ঠিক এক দিন পরই সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে নিজেদের হেফাজতে নিল।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে একটি কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তৎকালীন পৌর কাউন্সিলর একরামুল হক। তিনি দীর্ঘ ১২ বছর ধরে টেকনাফ উপজেলা যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
জেএইচআর