আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৮, ২০২৬, ০৯:৩৩ এএম
উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একের পর এক ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এ হামলার কারণে পুরো অঞ্চল জুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জানা গেছে, কুর্দিস্তানের এরবিল, সোরান ও খালিফান শহরকে লক্ষ্য করে এই ড্রোনগুলো পাঠানো হয়েছিল। তবে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত তৎপরতার সাথে এরবিলের আকাশে একটি ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হয়। এ ছাড়া ইরান সীমান্তসংলগ্ন সোরান জেলায় আরও তিনটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়। এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট খবর মেলেনি।
এর আগে, গত ১৭ জুলাই ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি) তাদের ভূখণ্ডে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছিল এবং তেহরানকে এই ধরনের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছিল।
উল্লেখ্য, ইরান দীর্ঘ দিন ধরে এরবিল ও সুলাইমানিয়ায় সক্রিয় বিরোধী কুর্দি দলগুলোর আস্তানা, মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। সম্প্রতি সুলাইমানিয়ায় ইরানের তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠী কোমালা রেভোলিউশনারি টয়লার্স অর্গানাইজেশনের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় সংগঠনটির আট সদস্য নিহত হওয়ার ঘটনাও ঘটেছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি
জেএইচআর