ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বৃহস্পতিবার আসছে ৫০০ টাকার নতুন নোট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৫৬ এএম

বৃহস্পতিবার আসছে ৫০০ টাকার নতুন নোট

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে থিম করে তৈরি ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নোটটি আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রচলনে আসছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নতুন নোটটি ৪ ডিসেম্বর প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও বাজারে ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫২ মি.মি. × ৬৫ মি.মি. আকারের নতুন ৫০০ টাকার নোটের সম্মুখভাগে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। পেছনের অংশে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়েছে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় শাপলা। নোটটিতে জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং নিচে ইলেকট্রোটাইপ ‘৫০০’। সবুজ রঙের আধিক্য থাকলেও সামগ্রিকভাবে নোটের ডিজাইন আরও আধুনিক ও নিরাপদ।

নতুন ৫০০ টাকার নোটটিতে মোট দশ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ডানদিকে থাকা মূল্যমান ‘500’ উন্নত রং–পরিবর্তনশীল কালি দিয়ে ছাপা। নোট নাড়াচাড়া করলে রং সবুজ থেকে নীল হয় এবং ভেতরে কোণাকুনি ‘৫০০’ দেখা যায়।

বাম পাশে ৪ মি.মি. চওড়া লাল রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোয় ধরলে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দেখা যাবে। নাড়াচাড়া করলে লাল অংশ সবুজ হয় এবং সোনালি বার রংধনুর মতো নিচে-উপরে চলমান দেখা যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ডানদিকে নিচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রয়েছে। ইন্টাগ্লিও কালি ব্যবহারে শহীদ মিনার, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন অংশে স্পর্শে উঁচু অনুভূতি পাওয়া যাবে। নোটের বিভিন্ন স্থানে ‘BANGLADESH BANK’ মাইক্রোপ্রিন্ট করা হয়েছে। এছাড়া ইউভি আলোর নিচে দৃশ্যমান বিশেষ নকশা, সংখ্যা ও রঙিন ফাইবার যুক্ত করা হয়েছে। উভয় পাশে ইউভি কিউরিং বার্নিশ থাকায় নোট হবে কিছুটা চকচকে। See-through ইমেজ হিসেবে আলোর বিপরীতে ধরলে স্পষ্ট দেখা যাবে ‘500’।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ডিজাইনের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে। এছাড়া সংগ্রাহকদের জন্য ৫০০ টাকার নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।

ইএইচ

Link copied!