আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:০৫ পিএম
স্পিনিং খাতের বিদ্যমান সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দৃঢ় আশ্বাস পাওয়ার পর পূর্বঘোষিত মিল বন্ধের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুতা আমদানিসহ বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের সাথে চলমান আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত টেক্সটাইল মিল বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।
এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের সমস্যা নিয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় স্পিনিং খাতের কৌশলগত গুরুত্ব ও সংকটের যৌক্তিকতা স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে বাস্তবসম্মত ও ন্যায্য সমাধানের প্রতিশ্রুতি দেন। সরকারের এই সুস্পষ্ট অঙ্গীকারের প্রেক্ষাপটেই বিটিএমএ তাদের কঠোর অবস্থান থেকে সরে এসেছে।
উক্ত সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিটিএমএ আরও জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ে সকল অংশীজনের উপস্থিতিতে এ বিষয়ে একটি চূড়ান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেএইচআর