আমার সংবাদ ডেস্ক
জুন ১০, ২০২৬, ০৪:৫০ পিএম
মরক্কোর ওসিপি ন্যুট্রিক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ৬০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ সার আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ৫২২ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ১৭৫ টাকা।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রস্তাবের ভিত্তিতে এই টিএসপি সার আমদানি করা হবে। প্রথম প্রস্তাবে ৩০ হাজার টন সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ২৫৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা। এতে প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৬৮৮ মার্কিন ডলার।
দ্বিতীয় প্রস্তাবে মরক্কোর ওসিপি ন্যুট্রিক্রপস থেকে আরও ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ২৬৮ কোটি ৫৬ লাখ ৫ হাজার ১৭৫ টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৭২৬ দশমিক ৩৩ মার্কিন ডলার।
কৃষি উৎপাদন নিশ্চিত ও সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এম জি