আমার সংবাদ ডেস্ক
জুন ২৯, ২০২৬, ০৬:০৭ পিএম
চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ২৪ লাখ ডলার।
সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ডলার। আর চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৬০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে মার্চে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে।
এ ছাড়া ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার, জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
এম জি