জুলহাস কবির, ঢাবি
সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:৪০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ঘোষিত তিনদিনের ছুটি কমিয়ে একদিন করা হয়েছে। নির্বাচন কমিশন ৮ ও ১০ সেপ্টেম্বরের ছুটি প্রত্যাহার করেছে।
বুধবার ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “নির্বাচনের জন্য কেবল ৯ সেপ্টেম্বরই ছুটি থাকবে।”
এর আগে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে প্রার্থীদের আপত্তির পরিপ্রেক্ষিতে ৭ তারিখের ছুটি বাতিল করা হয়। এরপরও একাধিক প্রার্থী নির্বাচনের সময় নিয়ে আপত্তি জানায়, যার পরিপ্রেক্ষিতে আজ ৮ ও ১০ সেপ্টেম্বরের ছুটিও বাতিল করা হয়েছে।
ছুটি বাতিল হলেও কেন্দ্র পুনর্বিন্যাসের কোনো পরিকল্পনা নেই বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জসিম উদ্দিন। তিনি বলেন, “প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুথ সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ করা হয়েছে। নির্বাচনের দিন শাটল পরিষেবা চালু থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না।”
ইএইচ