মো. নুরুল আমিন (নুর), খুলনা
ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:১২ পিএম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে “কোর্স প্রোফাইল প্রিপারেশন এবং কোর্স আউটকাম (সিও) প্রোগ্রাম আউটকাম (পিও) অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উচ্চশিক্ষায় আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতি বাস্তবায়ন ও গুণগত মান নিশ্চিতের অংশ হিসেবে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী।
তিনি বলেন, গুণগত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। কোর্স প্রোফাইল প্রস্তুতকরণ ও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশনের স্বচ্ছতা উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের প্রধান প্রফেসর ড. মনির হোসেন এবং প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন রিসোর্স পার্সন হিসেবে কোর্স প্রোফাইল তৈরির কৌশল, কোর্স আউটকাম (সিও) নির্ধারণ এবং সিও পিও অ্যাটেইনমেন্ট হিসাব পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন।
কুয়েট আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ইসিই বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। অংশগ্রহণকারীরা ওবিইভিত্তিক পাঠ্যক্রম (কারিকুলাম) ও মূল্যায়ন (অ্যাসেসমেন্ট) পদ্ধতি সম্পর্কে হাতেকলমে অভিজ্ঞতা অর্জন করেন।
ইএইচ