ইবি প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৫, ০৭:১৮ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী সিনিয়র তিন শিক্ষক বর্তমান প্রশাসনের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ না করায় ৬টি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল হক বরাবর পৃথক তিনটি পত্রের মাধ্যমে এই ৩ শিক্ষক পদত্যাগ করেন।
জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন পদত্যাগ করেছেন ইসলামিক হেরিটেজ ও কালচার সেন্টারের পরিচালক পদ হতে।
ইবি সাদা দলের আহ্বায়ক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মতিনুর রহমান 'সেন্টার ফর পলিসি অ্যান্ড গভর্নেন্স স্টাডিজ'-এর পরিচালক, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের কক্ষ পুনর্বণ্টন উপ-কমিটির আহ্বায়ক এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক পদ হতে পদত্যাগ করেছেন।
এছাড়াও ইবি ইউট্যাবের সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন ইবির আইআইইআর গভর্নিং বডির সদস্য এবং ইবির পরিবহন পরিচালক পর্ষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষকরা জানান, "বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে বর্তমান ভিসি একটি বিশেষ দলের পরামর্শে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের ইনক্লুসিভ এক্সক্লুসিভ কোনো বিষয়েই আমরা তথ্য পাচ্ছি না। আমরা মনে করছি এই প্রশাসন জুলাই স্পিরিট ধারণ করে না। আমরা জুলাই গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে সম্মুখ সারিতে লড়েছি। অথচ এখন বিশেষ একটি দল ছাড়া কারোর মতামতকেই তিনি গুরুত্ব দিচ্ছেন না।"
তারা আরও বলেন, "তারা শুধু লোক দেখানো কিছু কাজ করেছেন যেটিকে আইওয়াশও বলা যেতে পারে। এমতাবস্থায় আমরা কোনো ভাবেই এই প্রশাসনের সাথে থাকতে পারছি না। বলা যায়, দলের স্বার্থে আমরা উক্ত পদগুলোতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। জাতীয়তাবাদী সকল ফোরামের সাথে বসে সম্মিলিতভাবে আমরা সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।"
ইএইচ