ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

মুদ্দাচ্ছির নাসিফ, নোবিপ্রবি প্রতিনিধি

মুদ্দাচ্ছির নাসিফ, নোবিপ্রবি প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৬, ০৮:৪০ পিএম

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেন।

রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন। 

রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদ খানের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত, মামলা গ্রহণ, আইনগত ব্যবস্থা নেওয়া এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের সব ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির সেক্রেটারি মুদ্দাচ্ছির নাসিফ। তিনি বলেন, ২৩ এপ্রিল শাহবাগ থানার মতো নিরাপত্তাবেষ্টিত স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। তিনি এ ঘটনাকে ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ উল্লেখ করে বলেন, সহযোদ্ধাদের প্রতি এমন আচরণ অগ্রহণযোগ্য। একইসঙ্গে তিনি সকল ছাত্রসংগঠনকে বিভাজন নয়, বরং সহনশীল ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান।

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলাম বলেন, থানার ভেতরে সংঘটিত এই হামলা একটি বর্বরোচিত ঘটনা। তিনি অভিযোগ করেন, প্রকাশ্যে হামলার পরও প্রশাসনের নীরব ভূমিকা ন্যায়বিচার নিয়ে শঙ্কা তৈরি করছে। এখনো মামলা গ্রহণ না করায় প্রশাসনের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এসময় নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সাদমান রাকিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব বলেও উল্লেখ করেন।

মানববন্ধনে নোবিপ্রবি সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যসহ ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!