নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:৪৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্ট কার্ড হাতে পেয়েছেন।
রোববার নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
ইসি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এসে সশরীরে ভোটার নিবন্ধনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান। একই সময়ে তার কন্যা জাইমা রহমানও ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।
আজ নির্বাচন কমিশন কর্তৃক তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদিত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে স্মার্ট কার্ড প্রিন্ট করে হস্তান্তর করা হয়।
তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, যা ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্গত। দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার মাত্র তিন দিনের মাথায় তিনি তাঁর নাগরিক অধিকারের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করলেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণের পথে আইনি আর কোনো বাধা থাকল না। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইএইচ