নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৫, ০১:৪২ পিএম
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম মাঠে নেমেছে এবং ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. এ এইচ এম মইনুল আহসান জানিয়েছেন, সংশ্লিষ্ট সব হাসপাতালকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন রাফিউল ইসলাম, যিনি সলিমুল্লাহ মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এখানে অন্তত ১০ জন আহত চিকিৎসাধীন আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ১০ জন, শহীদ গাজীপুরে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ১০ জন এবং নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ১০ জন আহত চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সব হাসপাতালকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র নরসিংদী শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে মাধবদীতে ছিল। ভূমিকম্পের পরে রাজধানীর বিভিন্ন ভবন হেলে পড়া এবং ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।
ইএইচ