এপ্রিল ২১, ২০২৬, ০৪:১৫ পিএম
জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ ইসরায়েলের সামরিক বাহিনী সম্পর্কে তীব্র সমালোচনা করে বলেছেন, এটি পৃথিবীর ‘সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী’। সোমবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে তাঁর এই মন্তব্য প্রকাশিত হয়।
একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সৈন্যরা এক ফিলিস্তিনি শিশুর ওপর নির্যাতন চালাচ্ছে। ভিডিওটি দেখার পর আলবানিজ তাঁর অফিসিয়াল অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি যা দেখেছেন তাতে তিনি সম্পূর্ণ নিশ্চিত—ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বাহিনী।
এর আগে গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ চালানোর অভিযোগ তুলে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেন তিনি। সেই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাঁর বিরুদ্ধে ব্যাপক উসকানিমূলক প্রচারণা শুরু হয়েছে বলে জানা যায়। এমনকি তিনি সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজ জানান, তাঁর জীবন বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে এবং তিনি সবসময় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, প্রতিবেদন প্রকাশের পর থেকে যে চাপ ও হুমকির মুখে তিনি পড়েছেন, তা তাঁর পরিস্থিতিকে ‘রোলার কোস্টার রাইডের’ মতো করে তুলেছে।
আলবানিজ আরও অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং সব ধরনের সীমারেখা অতিক্রম করেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
এম জি
