আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬, ০৩:১৬ পিএম
দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও চালু হলো ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। রাজধানী তেহরানে অবস্থিত ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শনিবার সকাল থেকে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে।
দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, আপাতত পূর্ণাঙ্গ অপারেশন চালু না হলেও নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এর মধ্যে ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনা শহরে যাত্রীবাহী ফ্লাইট পরিচালিত হচ্ছে।
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হলে দেশজুড়ে আকাশসীমা ও বিমানবন্দরগুলো বন্ধ করে দেয় তেহরান। টানা সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা পরে অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয় ডোনাল্ড ট্রাম্প-এর ঘোষণায়।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই প্রধান এই বিমানবন্দর পুনরায় চালু হওয়ায় আন্তর্জাতিক যোগাযোগে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
এএন