আন্তর্জাতিক ডেস্ক
মে ৮, ২০২৬, ০৭:৩৪ পিএম
বাংলাদেশের মুন্সিগঞ্জে আপন চাচাকে গুলি করে হত্যার দায়ে গ্যানেট রোজারিও (৫৪) নামে এক মার্কিন নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউ ইয়র্কের একটি আদালত। গত বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত গ্যানেট নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা।
আদালতের নথি অনুযায়ী, মুন্সিগঞ্জে পৈত্রিক ভিটা নিয়ে গ্যানেট রোজারিও এবং তার চাচা মাইকেল রোজারিওর মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। ২০২১ সালে তারা দুজনই বাংলাদেশে এসে ওই বাড়িতে অবস্থান করছিলেন। ওই বছরের ১১ জুন সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গ্যানেট তার চাচাকে লক্ষ্য করে শটগান দিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই মাইকেল রোজারিও নিহত হন।
হত্যাকাণ্ডের পর ২০২৩ সালে গ্যানেট যুক্তরাষ্ট্রে ফিরে যান। ২০২৪ সালের এপ্রিলে বিদেশে মার্কিন নাগরিক হত্যার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতে গ্যানেট নিজের দোষ স্বীকার করায় বিচারক তাকে এই কারাদণ্ড প্রদান করেন।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)-এর লস অ্যাঞ্জেলস ও নিউ ইয়র্ক শাখা এই মামলার তদন্ত পরিচালনা করে। মামলাটি মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশন এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের অ্যাটর্নিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
এই মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় ঢাকার মার্কিন দূতাবাসে নিযুক্ত এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ।
জেএইচআর