আন্তর্জাতিক ডেস্ক
মে ১৩, ২০২৬, ১২:১৬ এএম
নতুন একটি শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ‘সারমাত’ নামের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি (আইসিবিএম) ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এটি পরমাণু অস্ত্র বহন করতে পারে। মঙ্গলবার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করে মস্কো।
ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসেবে অভিহিত করেছেন। পুতিন জানান, এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক বাহিনীর যেকোনো অস্ত্রের তুলনায় চার গুণ বেশি শক্তিশালী যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। চলতি বছরের শেষ নাগাদ ‘সারমাত’কে সরাসরি যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
রাশিয়া এমন এক সময়ে এই পরীক্ষা চালাল, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এই চুক্তির আওতায় ওয়াশিংটন ও মস্কোর পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত রাখার বাধ্যবাধকতা ছিল। বর্তমানে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দুই দেশের ওপরই এ সংক্রান্ত কোনো বিধিনিষেধ থাকছে না।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর উচ্চ পর্যায়ের সামরিক সংলাপে রাজি হলেও এর মেয়াদ বৃদ্ধির কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন চীনকেও অন্তর্ভুক্ত করে একটি নতুন পরমাণু চুক্তি করতে। তবে বেইজিং সরাসরি জানিয়ে দিয়েছে যে, তারা এ ধরনের কোনো চুক্তির অংশীদার হতে আগ্রহী নয়।
জেএইচআর