আন্তর্জাতিক ডেস্ক
মে ২০, ২০২৬, ০৪:৪২ পিএম
ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা ‘এল আল’ চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সংস্থাটির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এই সময়ে তাদের নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের বিপরীতে একেবারেই উল্টো চিত্র। আগের বছর একই প্রান্তিকে প্রতিষ্ঠানটি প্রায় ৯ কোটি ৬০ লাখ ডলারের নিট মুনাফা করেছিল।
কোম্পানিটি জানায়, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে ইসরায়েলের আকাশপথ দীর্ঘ সময় ধরে বাণিজ্যিক ফ্লাইটের জন্য সীমিত বা প্রায় বন্ধ অবস্থায় ছিল। এর সরাসরি প্রভাব পড়েছে তাদের আয়-ব্যয়ে।
প্রথম প্রান্তিকে এল আলের মোট আয়ও উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই সময়ে তাদের রাজস্ব দাঁড়ায় প্রায় ৫৬ কোটি ২০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ কম।
সংস্থাটির হিসাব অনুযায়ী, যুদ্ধজনিত কারণে সামগ্রিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে প্রথম প্রান্তিকেই ক্ষতি হয়েছে প্রায় ৯ কোটি ডলার, আর দ্বিতীয় প্রান্তিকে আরও ৫ কোটি ৫০ লাখ ডলারের ক্ষতির হিসাব যুক্ত হয়েছে।
এল আল আরও জানিয়েছে, এই আর্থিক ধসের পেছনে শুধু সংঘাত নয়, বরং ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা শেকেলের দুর্বলতা এবং জ্বালানির উচ্চমূল্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সব মিলিয়ে আকাশপথে অস্থিরতা, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মুদ্রার অস্থিরতার সম্মিলিত চাপেই প্রতিষ্ঠানটি বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।
সূত্র: আল-জাজিরা
এম জি