আন্তর্জাতিক ডেস্ক
জুন ৬, ২০২৬, ০৯:০৭ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালি ঘিরে তাৎক্ষণিক সরবরাহ সংকটের আশঙ্কা কমে আসায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত সামরিক সংঘাতের ঝুঁকি কিছুটা কমে যাওয়ায় তেলের বাজারে স্বস্তি ফিরেছে।
শনিবার প্রকাশিত বাজার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে।
একই সময়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৯৪ ডলার কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ২ দশমিক ০৪ শতাংশ পতনের সমান। এছাড়া মুরবান অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৮২ ডলার বা ৩ দশমিক ০২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬৮ ডলারে নেমেছে।
বাজারে আরও দেখা গেছে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট মিডল্যান্ডের দাম ২ দশমিক ৬৯ শতাংশ কমে ৯১ দশমিক ১৭ ডলারে নেমেছে। অন্যদিকে মার্স অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭৬ শতাংশ কমে ১১২ দশমিক ২১ ডলার এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্ট ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ৮০ দশমিক ৬৯ ডলারে লেনদেন হয়েছে।
জ্বালানি খাতের অন্যান্য পণ্যের মধ্যেও মূল্যহ্রাস লক্ষ্য করা গেছে। প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দাম কমেছে, যদিও গ্যাসোলিনের দামে সামান্য শূন্য দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তারা চারটি ইরানি আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি ইরানের উপকূলীয় একটি রাডার স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।
একই সময়ে ভারত মহাসাগরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা একটি তেলবাহী জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী। ওয়াশিংটনের দাবি, জাহাজটি ইরানের কথিত ‘ছায়া বহর’এর অংশ, যা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।
উল্লেখ্য, চলতি বছরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধির পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ ব্যবহার করে পরিবহন করা হয়।
এম জি