স্পোর্টস ডেস্ক
জুন ৬, ২০২৬, ০৯:৩৪ পিএম
টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। লড়াই করে প্রথমার্ধে সমতায় ফিরলেও বিরতির পর আরও দুই গোল হজম করে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে পিটার বাটলারের শিষ্যরা।
শনিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের আগে একাদশে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশের প্রধান কোচ। সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমার জায়গায় সুযোগ পান শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।
ম্যাচের শুরুতেই কয়েকটি ভালো সুযোগ তৈরি করে বাংলাদেশ। ১২ মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে তহুরা খাতুন গোলের সুযোগ পেলেও বল স্পর্শ করতে পারেননি। এরপর আরও কয়েকটি আক্রমণে ভারতীয় রক্ষণকে ব্যস্ত রাখে বাংলাদেশের মেয়েরা।
প্রথমার্ধের ৪২ মিনিটে পেয়ারিজাদার গোলে এগিয়ে যায় ভারত। একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যোগ করা সময়ে তহুরা খাতুনের বাড়ানো বল থেকে ঋতুপর্ণা চাকমা দারুণ ফিনিশে গোল করে সমতা ফেরান।
১-১ সমতা নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ধাক্কা খায় বাংলাদেশ। ৪৬ মিনিটে পেয়ারিজাদার ক্রস থেকে সানফিদা হেডে গোল করে ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
এরপর সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রস থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আরও কয়েকটি আক্রমণ প্রতিহত করেন ভারতের গোলরক্ষক।
ম্যাচের ৮১ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে লিন্ডাকম তৃতীয় গোলটি করেন। এরপর বাকি সময়ে আর গোলের দেখা না পেয়ে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এই জয়ের মাধ্যমে ২০১৯ সালের পর আবারও সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত। একই সঙ্গে তারা নিজেদের ইতিহাসে ষষ্ঠবারের মতো ট্রফি উঁচিয়ে ধরল। অন্যদিকে টানা তৃতীয় শিরোপা জয়ের বাংলাদেশের স্বপ্ন শেষ হলো ফাইনালেই।
এম জি