আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১, ২০২৬, ১২:৪৮ পিএম
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। নিহত ও আহত সবাই ওই কোচিং সেন্টারের শিক্ষার্থী বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার লাহোরের খানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, ছাদ ধসের সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। দুর্ঘটনায় সবাই কমবেশি আহত হয়। গুরুতর আহত ২০ শিশুকে উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মধ্যে ১৪ জনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হাসপাতালে নেওয়া বাকি ছয় শিক্ষার্থীর মধ্যে চারজন এখনও চিকিৎসাধীন রয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একতলা ভবনটির ওপর দ্বিতীয় তলা নির্মাণের কাজ চলছিল। এ সময় নিচতলায় শিক্ষার্থীদের ক্লাস চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ে। ঘটনার পর ভবনের মালিকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ। তারা নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
প্রায় ২৪ কোটি জনসংখ্যার পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নির্মাণে অনিয়মের কারণে ভবন বা ছাদ ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছরের জুলাইয়ে সিন্ধ প্রদেশের রাজধানী করাচির লিয়ারি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে ২৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছিলেন।
সূত্র: জিও নিউজ
এএন