আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১৭, ২০২৬, ১২:২০ এএম
ইরানের সঙ্গে চলমান মার্কিন শান্তি আলোচনা নস্যাৎ করতে ইসরায়েলের অর্থায়নে একটি গোপন প্রচারণা চালানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত বুধবার জনপ্রিয় পডকাস্ট ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেন।
ভ্যান্স দাবি করেন, ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেলের নেতৃত্বাধীন একটি প্রতিষ্ঠান ইসরায়েল সরকারের অর্থায়নে এই প্রচারণা চালাচ্ছে। এর মূল লক্ষ্য হলো ট্রাম্প প্রশাসনের ইরান-সংক্রান্ত কূটনৈতিক উদ্যোগ এবং সম্ভাব্য শান্তি চুক্তিকে বাধাগ্রস্ত করা। ভ্যান্সের অভিযোগ, যারা এই প্রচারণার সঙ্গে যুক্ত, তারাই ব্যক্তিগতভাবে তাঁকে তীব্র আক্রমণ করছে; কারণ তিনি ট্রাম্পের নির্ধারিত আলোচনার লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।
টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাত দিয়ে ভ্যান্স জানান, ‘ক্লক টাওয়ার এক্স’ নামক পারস্কেলের প্রতিষ্ঠানটি গত বছরের সেপ্টেম্বর থেকে ইসরায়েলের পক্ষে প্রভাব বিস্তারকারী প্রচারণা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফারা)’ সংক্রান্ত নথির ভিত্তিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এই প্রচারণার আনুষ্ঠানিক উদ্দেশ্য ইহুদিবিদ্বেষ মোকাবিলা হলেও, প্রকৃত লক্ষ্য ছিল তরুণ রক্ষণশীল মার্কিনিদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব তৈরি হওয়া ঠেকানো।
গত মাসে ইরান যুদ্ধ অবসানে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমন্বিত পোস্টগুলো দেখা গিয়েছিল, সেগুলো এই প্রচারণার অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ব্র্যাড পারস্কেল দাবি করেছেন, তরুণদের ইসরায়েলবিরোধী অবস্থান থেকে সরিয়ে আনাই ছিল তাঁদের প্রচারণার মূল উদ্দেশ্য; ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করা এর লক্ষ্য ছিল না।
মধ্যপ্রাচ্য নীতি এবং ইসরায়েলকে সমর্থনের প্রশ্নে মার্কিন রাজনীতিতে বর্তমানে এক গভীর মেরুকরণ লক্ষ করা যাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এই গুরুতর অভিযোগের বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ভ্যান্সের এই মন্তব্য ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
জেএইচআর