কুমিল্লা প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬, ০২:৩৯ পিএম
কুমিল্লার দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার ও দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমানের নির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তি হলেন ঢাকার মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকার বাসিন্দা মো. রুবেল (২৯)। তিনি ওই এলাকার আইয়ুব ও রেহেনা বেগমের ছেলে।
পুলিশের তথ্যমতে, তল্লাশির সময় রুবেলের চালানো নীল রঙের টয়োটা প্রাইভেটকারের চালকের আসনের নিচে এবং পেছনের অংশে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। পরে সেখান থেকে ৭টি বান্ডেলে মোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার প্রতিটির ওজন শূন্য দশমিক ১ গ্রাম হিসেবে মোট ওজন ৭ হাজার গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-৩১-৭৫১৮ নম্বরের টয়োটা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল জানিয়েছে, দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম এলাকা থেকে ইয়াবা বহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন তিনি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এএন